টইটংয়ে খতিবের পরিবারের ওপর হামলা
আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
রাকিব, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলেকদিয়াকাটা গ্রামে মাওলানা মোজাম্মেল হকের পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজ শেষে আলিগ্যাকাটা জামে মসজিদ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আব্দুল মান্নান (৪৫), তার স্ত্রী হাছিনা বেগম (৪০), ছেলে রিদুয়ান (২৩), এহসান (২০) ও হাসান (১৮)—এরা সকলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাওলানা মোজাম্মেল হক ও তার পরিবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১৭ আগস্ট রাত ৮টার দিকে তাদের বাড়িতে ঢুকে তার মা ছেনুয়ারা বেগম (৬০), স্ত্রী যাইতুনন্নেছা (৪০), মেয়ে সিফা (২০) ও উম্মে হানি (১৮)-এর ওপর সশস্ত্র হামলা চালায় অভিযুক্তরা।
ঘটনার পরদিন (১৮ আগস্ট) পেকুয়া থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮, তারিখ: ১৮/০৮/২৫)।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য দিলোয়ারা বেগম, স্থানীয় পল্লী চিকিৎসক মোসলেম উদ্দিন, মাওলানা ওসমান গণি, মাওলানা সাজ্জাদুর রহমান, নাছির উদ্দিন ও মিজানুর রহমান।
তারা বলেন, “মাদক ব্যবসার প্রতিবাদ করায় নিরীহ পরিবারটির ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই পল্লব ঘোষ বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদকবিরোধী অবস্থানের কারণেই এই হামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”






